ক্যাশবক্স ব্যবহারের নিয়ম
ক্যাশবক্স দেখায় আজ কত নগদ ঢুকল, কত বেরোল আর এখন হাতে কত থাকার কথা। পুরোটাই ফ্রি, আর নেট ছাড়াও চলে।
ক্যাশবক্সে তিনটি ভাগ
নিচের “ক্যাশবক্স” ট্যাবে ঢুকলে উপরে তিনটি ভাগ পাবেন:
- “ক্যাশবক্স” — আজকের নগদের ছবি।
- “রিপোর্ট” — দিনের বা মাসের পুরো নগদ হিসাব, আর এখান থেকেই দিন বন্ধ করা হয়।
- “মালিক হিসাব” — মালিক নিজে টাকা জমা দিলেন বা তুলে নিলেন, সেই হিসাব।
আজ কত নগদ আছে
প্রথম ভাগের উপরে বড় করে থাকে “বর্তমান ক্যাশ” — অর্থাৎ হিসাব অনুযায়ী এই মুহূর্তে ক্যাশবাক্সে কত টাকা থাকার কথা। নিচে “আজ” আর “এই মাস” — যেটা চাপবেন সেই অনুযায়ী নিচের অঙ্কগুলো বদলাবে।
তারপর দুটো কার্ড — “আজ নগদ ঢুকেছে” আর “আজ নগদ বেরিয়েছে”। যেকোনোটায় চাপ দিলে ভেঙে দেখায় কোন খাত থেকে কত এল বা গেল, সাথে কয়টা লেনদেন, আর সবার নিচে “মোট”।
| নগদ ঢোকে | নগদ বেরোয় |
|---|---|
| নগদ বিক্রি | নগদ কেনা |
| ইনস্ট্যান্ট নগদ বিক্রি | পেমেন্ট দেওয়া |
| বাকি আদায় | খরচ |
| মালিক জমা | মালিক উত্তোলন |
দিন শেষে ক্যাশ মিলিয়ে নেওয়া
ক্যাশবক্স ভাগের একদম উপরের কার্ডে লেখা থাকে “কাউন্টারে থাকার কথা” আর তার পাশে “মিলান” বোতাম। মেলাতে:
- “মিলান” চাপুন।
- প্রশ্ন আসবে “কাউন্টারে এখন কত টাকা আছে?” — ড্রয়ারের টাকা গুনে অঙ্কটা লিখুন।
- “সেভ করুন” চাপুন।
ফল তিন রকম হতে পারে — “মিলে গেছে ✓”, অথবা কত কম আছে, অথবা কত বেশি আছে। ভুল হলে বোতামটা “এডিট” হয়ে যায়, আবার ঠিক অঙ্ক বসানো যায়।
তিনটি কথা জেনে রাখা দরকার:
- এটা শুধু আজকের দিনের জন্য — গতকালেরটা মেলানো যায় না, আর পরদিন ঘরটা আবার খালি হয়ে যায়।
- মেলানোর ফলে খাতায় কোনো এন্ট্রি বসে না। গরমিল থাকলে সেটা কোথায় গেল তা আপনাকেই খুঁজে বের করতে হবে — এটা শুধু চোখে দেখার হিসাব।
- গোনা অঙ্কটা ওই ফোনেই থাকে, ক্লাউডে যায় না, তাই অন্য ফোনে দেখা যাবে না।
গরমিল পেলে খুঁজে দেখার সহজ জায়গা — কোনো খরচ লিখতে ভুলে গেছেন কি না, বা কারও আদায়ের টাকা খাতায় তোলা হয়নি কি না।
মালিক জমা আর উত্তোলন
নিজের পকেট থেকে দোকানে টাকা ঢোকালেন, বা দোকান থেকে টাকা নিয়ে গেলেন — এগুলো বিক্রি বা খরচ নয়, তাই এদের জায়গা আলাদা। “মালিক হিসাব” ভাগে গিয়ে “জমা / উঠানো” কার্ডে চাপ দিয়ে অঙ্কটা লিখুন।
এখানে দুটো ধরনই আছে — মালিক জমা আর মালিক উত্তোলন। নিচে “মালিক ব্যালেন্স” দেখায় সব মিলিয়ে মালিক দোকানে কত দিয়েছেন বা কত নিয়েছেন, আর শেষ পাঁচটি এন্ট্রি তালিকায় থাকে।
এই টাকা নগদের হিসাবে ধরা হয়, কিন্তু বিক্রির গ্রাফে আয়-ব্যয় হিসেবে ধরা হয় না — কারণ এটা ব্যবসার আয় নয়, মালিকের পুঁজি।
দিনের বা মাসের পুরো নগদ হিসাব
“রিপোর্ট” ভাগে গেলে পুরো হিসাবটা সাজানো অবস্থায় পাবেন। উপরে “দৈনিক” / “মাসিক” বদলানো যায়, আর তীর চিহ্ন দিয়ে আগের দিন বা আগের মাসে যাওয়া যায় (সামনের দিনে যাওয়া যায় না)।
যা যা দেখবেন:
- “বেচা হিসাব” — নগদ বিক্রি, ইনস্ট্যান্ট নগদ বিক্রি, বাকি বিক্রি আর মোট বেচা। এটা বিক্রির হিসাব, নগদের নয়।
- “ক্যাশ হিসাব” — উপরে “দিনের শুরুতে ক্যাশ”, তারপর কোন খাতে কত “মোট পেলাম” আর কত “মোট দিলাম”, আর সবার শেষে “ক্যাশ ব্যালেন্স”।
- “মালিক হিসাব” — মালিক দিল, মালিক নিল আর মালিকের ব্যালেন্স।
“বিস্তারিত” চালু করলে কার্ডটা একটা পুরো নগদ বইয়ে বদলে যায় — প্রতিটি নগদ লেনদেন আলাদা সারিতে, তারিখ-সময়সহ। এই অবস্থায় PDF করলে ওই বিস্তারিত তালিকাটাও PDF-এ চলে যায়।
এই পুরো অংশটাই ফ্রি। PDF বানানোর নিয়ম এই পাতায়।
দিন বন্ধ করা
- “রিপোর্ট” ভাগে যান, উপরে “দৈনিক” বেছে নিন আর তারিখটা ঠিক আছে কি না দেখে নিন।
- নিচে স্ক্রল করে “দিন বন্ধ করুন” চাপুন।
- জিজ্ঞেস করবে “দিন বন্ধ করবেন?” — সাথে লেখা থাকে, বন্ধ করার পর এই দিনের ক্যাশ লক হয়ে যাবে আর সেটাই পরের দিনের শুরুর ক্যাশ হবে।
- নিশ্চিত করলে দেখাবে “দিন বন্ধ হয়েছে ✓”, আর জায়গাটায় বসে যাবে “এই দিন বন্ধ করা হয়েছে” লেখা পট্টি।
দিন বন্ধ করা ফ্রি, আর একই দিন দুবার বন্ধ করা যায় না।
আরেকটা কথা মনে রাখবেন — দিন বন্ধের রেকর্ডটা ওই ফোনেই থাকে, ক্লাউডে যায় না। তাই এক ফোনে দিন বন্ধ করলে অন্য ফোনে সেটা বন্ধ দেখাবে না, আর নতুন ফোনে হিসাব ফিরিয়ে আনলেও দিন বন্ধের রেকর্ড ফিরে আসে না।
খরচ কোথায় লিখবেন
দোকানের খরচ ক্যাশবক্স থেকে লেখা যায় না — ওখানে শুধু মালিক জমা/উত্তোলনের ঘর খোলে। খরচ লেখার জায়গা “খাতা” ট্যাব; খরচ লিখলে সেটা ক্যাশবক্সের “নগদ বেরিয়েছে” অংশে নিজে থেকেই দেখা যাবে।
এরপর কী
দিনের হিসাব PDF করে রাখতে চাইলে বাংলা PDF রিপোর্ট তৈরির নিয়ম দেখুন। রোজকার একটা রুটিন দাঁড় করাতে চাইলে মুদি দোকানের দৈনিক হিসাব লেখাটা কাজে লাগবে।
এই বিষয়ে আরও প্রশ্ন
ক্যাশবক্স কি প্রো ফিচার?
না। ক্যাশবক্স, নগদের ভাগাভাগি, “মিলান” আর “দিন বন্ধ করুন” — সবই ফ্রি।
গতকালের ক্যাশ মেলানো যাবে?
যাবে না। “মিলান” শুধু আজকের দিনের জন্য, আর পরদিন ঘরটা আবার খালি হয়ে যায়। তবে “রিপোর্ট” ভাগে গিয়ে আগের যেকোনো দিনের নগদ হিসাব দেখা যায়।
দিন বন্ধ করলে কি হিসাব লক হয়ে যায়?
শুধু ওই দিনের মালিক জমা/উত্তোলন এন্ট্রিগুলো লক হয়। কাস্টমার বা পাইকারের খাতা লক হয় না — সেখানে তখনো বাকি বা আদায় লেখা যায়।
বাকিতে বিক্রি কি ক্যাশবক্সে দেখাবে?
না, কারণ তখন কোনো নগদ হাতবদল হয়নি। বাকির টাকা যেদিন উঠবে, সেদিন সেটা “বাকি আদায়” হিসেবে নগদে ঢুকবে।
মিলানোর পর গরমিল থাকলে অ্যাপ কি ঠিক করে দেয়?
না। মেলানোটা শুধু দেখার হিসাব — এতে খাতায় কোনো এন্ট্রি বসে না। গরমিল পেলে কোনো খরচ বা আদায় লিখতে ভুলে গেছেন কি না দেখে নিন।
এক ফোনে দিন বন্ধ করলে অন্য ফোনে বন্ধ দেখাবে?
না। দিন বন্ধের রেকর্ড ওই ফোনেই থাকে, ক্লাউডে যায় না। নতুন ফোনে হিসাব ফিরিয়ে আনলেও এই রেকর্ড ফিরে আসে না।
আরও পড়ুন
- বাংলা PDF রিপোর্ট তৈরির নিয়মটংখাতায় দিনের হিসাব, মাসিক রিপোর্ট, খাতা রিপোর্ট আর কাস্টমারের স্টেটমেন্ট PDF করার নিয়ম, শেয়ার ও প্রিন্ট, আ
- টাকা আদায়ের হিসাব রাখার নিয়মকাস্টমার বাকির টাকা দিলে টংখাতায় কীভাবে লিখবেন, আংশিক পরিশোধ, বাকির চেয়ে বেশি টাকা দিলে কী হয় আর বাকি কত রই
- মুদি দোকানের দৈনিক হিসাব রাখার নিয়মসকালে শুরুর ক্যাশ থেকে রাতে ড্রয়ার মেলানো পর্যন্ত — মুদি দোকানের দৈনিক হিসাব রাখার একটা সহজ রুটিন, যা কাগজের
- সাধারণ প্রশ্ন ও উত্তরটংখাতা নিয়ে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর — অ্যাপটি কী, কীভাবে ব্যবহার করবেন, তথ্য কতটা নিরাপদ আর স
টংখাতা দিয়ে শুরু করুন
দোকানের বাকি-নগদ হিসাব, ক্যাশবক্স আর বাংলা রিপোর্ট — অ্যান্ড্রয়েড ফোনেই।