সাধারণ প্রশ্ন ও উত্তর

নিচের উত্তরগুলো অ্যাপে আসলে যা আছে তা-ই বলে — বাড়িয়েও নয়, কমিয়েও নয়। বড় বিষয়গুলোর বিস্তারিত নিয়ম হেল্প সেন্টারে আছে।

সর্বশেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬

পরিচিতি

টংখাতা কী?

টংখাতা একটি অ্যান্ড্রয়েড অ্যাপ, যেখানে দোকানের বাকি, আদায় আর নগদ হিসাব বাংলায় লেখা যায়। কাগজের খাতায় যা লেখেন, সেটাই ফোনে — প্রতিটি কাস্টমারের আলাদা খাতা, দিনের ক্যাশের হিসাব আর বাংলা রিপোর্ট। পুরো পরিচয়টা এই পাতায়

কী কাজে লাগে?

কার কত বাকি, কে কত দিল, আজ কত নগদ ঢুকল আর কত বেরোল — এসব মনে রাখার দায়িত্ব অ্যাপ নিয়ে নেয়। মাস শেষে কার কাছে কত পাওনা তা এক নজরে দেখা যায়, আর দরকার হলে বাংলা PDF রিপোর্ট বানিয়ে শেয়ার করা যায়।

কে বানিয়েছে?

সোহামিন টেকনোলজি।

এটি কি বাংলা ভাষার অ্যাপ?

হ্যাঁ। অ্যাপের পর্দা বাংলায়, টাকার অঙ্ক বাংলা সংখ্যায়, আর রিপোর্টও বাংলায় তৈরি হয়। অ্যাপের ভাষা বদলে অন্য ভাষাও করা যায়, তবে PDF রিপোর্ট সব সময় বাংলাতেই আসে।

টংখাতা কি ফ্রি?

দোকানের রোজকার হিসাব রাখার কাজটা ফ্রিতেই হয় — যত খুশি কাস্টমার ও লেনদেন, পুরো পুরোনো ইতিহাস, ক্লাউড ব্যাকআপ, একাধিক ফোনে সিঙ্ক, ক্যাশবক্স আর দিন বন্ধ। কিছু বাড়তি সুবিধা প্রো-তে আছে, যেমন আনলিমিটেড PDF, পুরো মাসিক রিপোর্ট আর “সবাইকে তাগাদা”। তালিকা প্রো প্ল্যান পাতায়।

Android আর iPhone — দুটোতেই চলে?

না, টংখাতা এখন শুধু অ্যান্ড্রয়েড ফোনে চলে। iPhone-এর জন্য অ্যাপটি নেই।

ছোট দোকানের জন্য ভালো হবে?

যদি আপনার দোকানে কিছু মানুষ বাকি নেয় আর পরে শোধ করে, তাহলে হ্যাঁ — অ্যাপটা মূলত সেই কাজের জন্যই। দোকান কত বড় তার চেয়ে বড় প্রশ্ন হলো বাকির খাতা রাখতে হয় কি না। কোন ধরনের দোকানে কী কাজে লাগে, তা কাদের জন্য পাতায় আছে।

ব্যক্তিগত হিসাবে ব্যবহার করা যাবে?

যাবে। কাউকে ধার দিলে তাঁকে কাস্টমার হিসেবে যোগ করে অঙ্কটা বকেয়া হিসেবে লিখে রাখুন। শুধু মনে রাখবেন, পর্দার লেখাগুলো দোকানের ভাষায় থাকবে — যেমন “বকেয়া বিক্রি”, “বকেয়া আদায়”।

ব্যবহার

দোকান চালু করব কীভাবে?

অ্যাকাউন্ট খোলার পর “আপনার ব্যবসার হিসাব শুরু করুন” পর্দায় দোকানের নাম লিখে “শুরু করুন” চাপলেই হয়ে যায়। ঠিকানা, ফোন, ট্যাগলাইন — এগুলো ঐচ্ছিক, তবে দিলে PDF রিপোর্টে ছাপা হয়। এই ধাপে ইন্টারনেট লাগবে। বিস্তারিত দোকান সেটআপের পাতায়

কাস্টমার যোগ করব কীভাবে?

হোম স্ক্রিনের “নতুন” বোতামে চাপ দিয়ে “কাস্টমার” বা “পাইকার” বেছে নাম লিখে “যোগ করুন” চাপুন। শুধু নামটাই লাগে, ফোন নম্বর ঐচ্ছিক। ধাপগুলো এই পাতায়

বাকির হিসাব লিখব কীভাবে?

কাস্টমারের নামে চাপ দিয়ে তাঁর খাতা খুলুন, “দ্রুত হিসাব যোগ করুন” কার্ডের “বকেয়া বিক্রি” ঘরে অঙ্কটা লিখে “সেভ করুন” চাপুন। চাইলে “বিবরণ” ঘরে কী কী মাল গেল তা লিখে রাখুন। বিস্তারিত বাকির হিসাবের পাতায়

টাকা আদায়ের হিসাব কোথায় লিখব?

একই কার্ডের “বকেয়া আদায়” ঘরে। আংশিক টাকা দিলে যতটুকু দিয়েছে ততটুকুই লিখুন — বাকি নিজে থেকেই কমে যাবে। নিয়ম এই পাতায়

আজ কত বিক্রি হলো তা কোথায় দেখব?

“ক্যাশবক্স” ট্যাবের “রিপোর্ট” ভাগে “দৈনিক” বেছে নিলে সেই দিনের “বেচা হিসাব” দেখা যায় — নগদ বিক্রি, ইনস্ট্যান্ট নগদ বিক্রি, বাকি বিক্রি আর মোট বেচা। হোম স্ক্রিনে বিক্রির গ্রাফও আছে।

ক্যাশবক্স জিনিসটা কী?

ক্যাশবক্স দেখায় আজ কত নগদ ঢুকল, কত বেরোল আর এখন হাতে কত থাকার কথা। দিন শেষে “মিলান” চেপে ড্রয়ারের টাকা গুনে মিলিয়ে দেখা যায়। পুরোটাই ফ্রি — ক্যাশবক্সের পাতা দেখুন।

কার কত বাকি, তার তালিকা কোথায়?

হোম স্ক্রিনেই সবার তালিকা থাকে, প্রত্যেকের নামের পাশে বাকির অঙ্কসহ। উপরে “সব”-এ চাপ দিলে সাজানোর ঘর খোলে — সেখান থেকে “সবচেয়ে বেশি পাওনা” বেছে নিলে বড় বাকিগুলো উপরে আসে। আর সব মিলিয়ে মোট কত পাবেন তা “খাতা” ট্যাবের “আমি পাবো” কার্ডে।

বাংলা PDF রিপোর্ট বানানো যায়?

যায় — দিনের বা মাসের নগদ হিসাব, মাসিক রিপোর্ট, খাতা রিপোর্ট আর একজন কাস্টমারের স্টেটমেন্ট। সব রিপোর্ট বাংলায় তৈরি হয়। ফ্রিতে মাসে ৩টি PDF, প্রতিটি দোকানের জন্য আলাদা করে গোনা হয়। নিয়ম এই পাতায়

একাধিক দোকানের হিসাব রাখা যাবে?

যাবে, আর প্রত্যেকটার কাস্টমার ও লেনদেন আলাদা থাকে। ফ্রিতে এখন ২টি দোকান; প্রো-তে সংখ্যার সীমা নেই। হোমে দোকানের নামে চাপ দিয়ে এক দোকান থেকে আরেকটায় যাওয়া যায়।

একই অ্যাকাউন্ট দুটো ফোনে চালানো যাবে?

যাবে, আর এটা ফ্রি। দুই ফোনে একই ইমেইল-পাসওয়ার্ডে লগইন করলেই এক ফোনের এন্ট্রি অন্য ফোনে চলে আসে। শুধু একই এন্ট্রি দুই ফোনে একসাথে এডিট করবেন না — তাতে শেষে যেটা আগে ক্লাউডে পৌঁছায় সেটাই থাকে।

ইন্টারনেট ছাড়া চলবে?

রোজকার হিসাব লেখা নেট ছাড়াই চলে — এন্ট্রি আগে ফোনেই সেভ হয়, নেট এলে নিজে থেকেই ক্লাউডে যায়। তবে অ্যাকাউন্ট খোলা, লগইন, প্রথম দোকান তৈরি, ব্যবসা মুছে ফেলা আর কানেক্ট কোড তৈরি — এগুলোয় নেট লাগবেই।

ফোন হারালে হিসাব কি চলে যাবে?

শেষ যেবার নেট পেয়ে সিঙ্ক হয়েছিল, সেই পর্যন্ত সব হিসাব ক্লাউডে থাকে — নতুন ফোনে একই ইমেইলে লগইন করলেই ফিরে আসে। তবে নেট ছাড়া লেখা যে এন্ট্রিগুলো তখনো ক্লাউডে যায়নি সেগুলো ফেরানো যায় না। তাই হোমে “অফলাইন” দেখলে দিনে একবার হলেও নেটে আসুন। পুরো নিয়ম এই পাতায়

পুরোনো খাতা বা Excel থেকে ডেটা আনা যাবে?

না, ইমপোর্ট করার কোনো ব্যবস্থা অ্যাপে নেই — এটা সোজাসুজি বলে রাখা ভালো। এখন যা করা যায়: প্রত্যেক কাস্টমারের নাম যোগ করে তাঁর এখনকার মোট বাকিটা এক লাইনে “বকেয়া বিক্রি” হিসেবে লিখে দিন, বিবরণে “পুরোনো খাতার জের” লিখে রাখুন। এরপর থেকে নতুন লেনদেনগুলো লিখতে থাকুন। উল্টো দিকে বের করে নেওয়া যায় — সেটিংস → “ডেটা এক্সপোর্ট (CSV)”, ফ্রি।

নিরাপত্তা ও গোপনীয়তা

আমার হিসাব কতটা নিরাপদ?

হিসাব প্রথমে আপনার ফোনে জমা হয়, আর ক্লাউডে যাওয়ার সময় HTTPS/TLS দিয়ে যায়। আপনার লগইনের চাবি ফোনের নিরাপদ জায়গায় (Android Keystore) রাখা হয়, আর অ্যান্ড্রয়েডের সাধারণ ব্যাকআপে অ্যাপের হিসাব কপি হয় না। চাইলে সেটিংসে “অ্যাপ লক” চালু করে ফিঙ্গারপ্রিন্ট বা পিন বসাতে পারেন, আর “স্ক্রিনশট ব্লক” দিয়ে স্ক্রিনশট ঠেকাতে পারেন। কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না, এটাও আমাদের নীতিতে লেখা আছে।

কাস্টমারের ফোন নম্বর কি ক্লাউডে যায়?

হ্যাঁ। আপনার খাতার কাস্টমারের নাম, ফোন নম্বর আর আপনার লেখা নোট ব্যাকআপের অংশ হিসেবে ক্লাউডে জমা থাকে — এটা না হলে নতুন ফোনে হিসাব ফিরত না। এগুলো শুধু আপনার অ্যাকাউন্টেই থাকে, অন্য কোনো ব্যবহারকারী এগুলো দেখতে পান না।

আমার তথ্য কি বিক্রি বা শেয়ার করা হয়?

আমাদের প্রাইভেসি পলিসিতে পরিষ্কার লেখা আছে — দোকানের হিসাব, বিক্রি-বাকি-আয়-খরচ, কাস্টমারের নাম বা ফোন নম্বর, লেনদেনের পরিমাণ ও বিবরণ, ধার-লোনের তথ্য এবং যেকোনো আর্থিক রেকর্ড কখনোই বিজ্ঞাপন, বিপণন বা অ্যানালিটিক্সের জন্য ব্যবহার বা শেয়ার করা হয় না। অ্যাপ চালাতে যেসব সেবা লাগে (যেমন ক্লাউড, Google Play) সেগুলোর কথা নীতিতেই বলা আছে। পুরোটা প্রাইভেসি পলিসিতে

ক্লাউড ব্যাকআপ কি টাকা দিয়ে নিতে হয়?

না, ক্লাউড ব্যাকআপ ফ্রি এবং ডিফল্টভাবেই চালু থাকে — প্রতিটি এন্ট্রির পরপরই অ্যাপ ব্যাকআপ করার চেষ্টা করে। প্রো নিলে শুধু কত সময় পরপর ব্যাকআপ হবে সেটা নিজে বেছে নেওয়া যায়।

অ্যাকাউন্ট মুছলে কী কী মুছে যায়?

সেটিংস → “গোপনীয়তা ও আইনি” → “অ্যাকাউন্ট মুছুন” চাপলে অনুরোধটি জমা হয় আর আপনি লগআউট হয়ে যান। ৩০ দিনের মধ্যে একই ইমেইলে আবার লগইন করলে সব ফিরে পাওয়া যায়। ৩০ দিন পেরোলে লগইন অ্যাকাউন্ট, দোকানের প্রোফাইল, সব কাস্টমার, লেনদেন, বাকি, খরচ, লোন ও ক্যাশবক্সের রেকর্ড স্থায়ীভাবে মুছে যায়। বিস্তারিত এই পাতায়

পাসওয়ার্ড বদলাব কীভাবে?

অ্যাপের সেটিংসে পাসওয়ার্ড বদলানোর ঘর নেই। বদলাতে হলে লগইন পাতার “পাসওয়ার্ড ভুলে গেছেন?” দিয়ে ইমেইলে কোড নিয়ে নতুন পাসওয়ার্ড বসান, অথবা tongkhata.app/account/ পাতা থেকে করুন।

কাস্টমার কি নিজের বাকি দেখতে পারবে?

পারবে, যদি আপনি চান। তাঁর খাতা খুলে উপরের QR চিহ্ন থেকে একটা কোড তৈরি করে দিন; তিনি টংখাতা অ্যাপে খাতা → দোকান ভাগে গিয়ে “দোকানের সাথে সংযুক্ত হন”-এ কোডটি বসালেই যুক্ত হয়ে যাবেন। তিনি শুধু তাঁর নিজের লেনদেন দেখতে পাবেন — কিছু বদলাতে পারবেন না, আপনার অন্য কাস্টমারদের কিছুও দেখতে পাবেন না। কোডটি ৪৮ ঘণ্টা পর মেয়াদ শেষ হয় ও একবারই ব্যবহার করা যায়, আর ফ্রিতে ৫ জন কাস্টমার পর্যন্ত যুক্ত করা যায় (প্রতি দোকানে আলাদা, আর পাঠানো অথচ ব্যবহার না হওয়া কোডও এই সংখ্যায় ধরা হয়)।

জাতীয় পরিচয়পত্র বা ট্রেড লাইসেন্স লাগে?

না। অ্যাকাউন্ট খুলতে শুধু একটা ইমেইল আর একটা পাসওয়ার্ড লাগে। অ্যাপ কোথাও NID, ট্রেড লাইসেন্স বা ব্যাংকের তথ্য চায় না, আর ফোনের কন্ট্যাক্ট তালিকাও পড়ে না।

সমস্যা সমাধান

লগইন হচ্ছে না

ইমেইলের বানান মিলিয়ে নিন। পাসওয়ার্ড কাজ না করলে লগইন পাতার “OTP দিয়ে লগইন” ব্যবহার করুন — পাসওয়ার্ড ছাড়াই ইমেইলে আসা কোড দিয়ে ঢোকা যায়। তাতেও না হলে “পাসওয়ার্ড ভুলে গেছেন?” দিয়ে নতুন পাসওয়ার্ড বসান।

ইমেইলে কোড আসছে না

স্প্যাম ও প্রমোশন ফোল্ডার দেখুন, তারপর “কোড পাননি? আবার পাঠান” চাপুন। অল্প সময়ে অনেকবার চাইলে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয় — তখন একটু থেমে আবার চেষ্টা করুন।

পুরোনো হিসাব দেখা যাচ্ছে না

বেশির ভাগ সময় ভুল করে নতুন একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যায়। সেটিংসে দেখুন কোন ইমেইলে লগইন করা আছে; আগের ইমেইল না হলে লগআউট করে সেটিতে লগইন করুন। ঠিক অ্যাকাউন্টে থেকেও না দেখালে সেটিংস → “ব্যাকআপ সেটিংস” → “রিস্টোর করুন” চাপুন — এটি কিছু মুছে দেয় না।

ফোন বদলালে কী করতে হবে?

পুরোনো ফোনে একবার “এখনই ব্যাকআপ” চেপে নিন। নতুন ফোনে অ্যাপ নামিয়ে “হ্যাঁ, আমার অ্যাকাউন্ট আছে” বেছে আগের ইমেইলে লগইন করুন — অ্যাপ নিজেই হিসাব ফিরিয়ে আনার কাজ শুরু করে দেবে। ধাপগুলো এই পাতায়

সিঙ্ক হচ্ছে না

হোমে “অফলাইন — পরে নিজে থেকেই সিঙ্ক হবে” থাকলে চিন্তার কিছু নেই, নেট এলে নিজেই চলে যাবে। “সিঙ্ক হয়নি” দেখালে সেটিংস → “এখনই ব্যাকআপ” চেপে জোর করে পাঠান, আর “ব্যাকআপ যাচাই করুন” দিয়ে ফোন ও ক্লাউডের সংখ্যা মিলিয়ে দেখুন।

ভুল লেনদেন ঠিক করব কীভাবে?

সারিটায় চাপ দিয়ে “এডিট” চেপে অঙ্ক বা বিবরণ বদলান (ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা পিন লাগবে)। ধরন, কার খাতা আর তারিখ বদলানো যায় না — ওগুলো ভুল হলে সারিটা ডিলিট করে নতুন করে লিখুন। বিস্তারিত এই পাতায়

অ্যাকাউন্ট ডিলিট করব কীভাবে?

সেটিংস → “গোপনীয়তা ও আইনি” → “অ্যাকাউন্ট মুছুন”। পাসওয়ার্ড দিয়ে পরিচয় নিশ্চিত করতে হয় আর এই কাজে ইন্টারনেট লাগে। ৩০ দিনের মধ্যে ফিরে আসার সুযোগ থাকে। ফোনে অ্যাপ না থাকলে এই পাতার নিয়মে মেইল করেও অনুরোধ করা যায়।

সাপোর্টে যোগাযোগ করব কীভাবে?

অ্যাপ থেকে: সেটিংস → “অ্যাপ সম্পর্কে” → “সাহায্য নিন”। অথবা সরাসরি মেইল করুন — সাধারণ সাহায্যের জন্য [email protected], আর অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধের জন্য [email protected]। মেইলে অ্যাকাউন্টের ইমেইল আর পর্দায় দেখা ছোট ধূসর কোডটি (যেমন “কোড: SHOP-02”) লিখে দিলে সমাধান দ্রুত হয়।

এখানে উত্তর না পেলে ধাপে ধাপে নিয়মগুলো দেখুন হেল্প সেন্টারে, আর সমস্যার তালিকা সমস্যা ও সমাধান পাতায়।

আরও পড়ুন

টংখাতা দিয়ে শুরু করুন

দোকানের বাকি-নগদ হিসাব, ক্যাশবক্স আর বাংলা রিপোর্ট — অ্যান্ড্রয়েড ফোনেই।