কাস্টমার ও পাইকার যোগ করার নিয়ম
নাম দিলেই একজনের আলাদা খাতা তৈরি হয়ে যায় — ফোন নম্বর দেওয়া না দেওয়া আপনার ইচ্ছা। এই কাজটা ইন্টারনেট ছাড়াও করা যায়।
কাস্টমার আর পাইকার — পার্থক্যটা কোথায়
যোগ করার সময় ঠিক করে দিতে হয় মানুষটা কাস্টমার না পাইকার। এটা শুধু নামের তফাত নয় — এর উপরেই নির্ভর করে তার খাতায় কোন তিনটা ঘর দেখাবে:
- কাস্টমার → “নগদ বিক্রি”, “বকেয়া বিক্রি”, “বকেয়া আদায়”। তার কাছে আপনি টাকা পাবো।
- পাইকার → “বকেয়া কেনা”, “নগদ কেনা”, “পরিশোধ”। তাকে আপনি টাকা দেবো।
যোগ করার তিনটি পথ
তিনটির যেকোনো একটাই একই ঘর খোলে, যেটা হাতের কাছে সেটাই ব্যবহার করুন:
- হোম স্ক্রিনের “নতুন” বোতাম — নিচের ডানদিকের গোল বোতামটি।
- তালিকা একদম খালি থাকলে মাঝখানে বড় করে লেখা থাকে “প্রথম কাস্টমার যোগ করুন” — একদম নতুন দোকানে এটাই সবচেয়ে সহজ।
- খোঁজার পাতা থেকে — হোমে 🔍 চিহ্নে চাপ দিয়ে নাম লিখে দেখুন; না পেলে নিচেই “নতুন কাস্টমার যোগ করুন” বোতাম থাকে। সুবিধা হলো, আপনি যা টাইপ করেছেন সেটাই নাম বা নম্বরের ঘরে বসে যায়।
কী কী লিখতে হয়
ঘরটা খুললে উপরে তিনটা ভাগ থাকে — “ইনস্ট্যান্ট”, “কাস্টমার” আর “পাইকার”। মাঝের বা ডানেরটা বেছে নিন, তারপর:
- “নাম *” — এটাই একমাত্র বাধ্যতামূলক ঘর। তারা চিহ্নটা তাই বসানো।
- “ফোন নম্বর (ঐচ্ছিক)” — না দিলেও খাতা তৈরি হবে।
- “যোগ করুন” চাপুন।
নাম না লিখে “যোগ করুন” চাপলে কিছুই হবে না — কোনো লাল বার্তা আসে না, বোতামটা শুধু কাজ করে না। নাম লিখলেই চলবে।
যোগ হয়ে গেলে সবুজ রঙে দেখাবে “{নাম} (কাস্টমার) যোগ হয়েছে”। কাস্টমারের ক্ষেত্রে সেই বার্তার গায়েই “এখনই যুক্ত করুন” বোতাম থাকে — ওটা দিয়ে তাকে নিজের বাকি দেখার কোড পাঠানো যায়।
শুধু নগদ বিক্রি টুকতে চাইলে
যিনি নগদ দিয়ে চলে যাবেন, তাঁর জন্য আলাদা খাতা খোলার দরকার নেই। একই ঘরের প্রথম ভাগ ⚡ “ইনস্ট্যান্ট এন্ট্রি” — শুধু টাকার অঙ্ক আর চাইলে একটা বিবরণ দিয়ে “সংরক্ষণ” চাপলেই বিক্রিটা দিনের হিসাবে ঢুকে যায়, কারও নামে নয়।
একই ফোন নম্বর আগে থাকলে
আপনি যে নম্বরটা লিখলেন, সেটা যদি এই দোকানের অন্য কারও খাতায় আগে থেকেই থাকে, অ্যাপ সেভ করা থামিয়ে জিজ্ঞেস করে:
- শিরোনাম “এই নম্বর আগেই আছে”, সাথে কার খাতায় আছে সেই নাম।
- “সেটিই খুলুন” — পুরোনো খাতাটাই খুলে যাবে (সাধারণত এটাই ঠিক কাজ)।
- “তবুও নতুন যোগ করুন” — সত্যিই দুজন আলাদা মানুষ হলে এটা বেছে নিন।
মিলিয়ে দেখার কাজটা চালাক: বাংলা সংখ্যা আর ইংরেজি সংখ্যা এক ধরা হয়, আর ফাঁকা জায়গা, ড্যাশ বা বন্ধনী বাদ দিয়ে মেলানো হয়। তাই “০১৭১১-০০০০০০” আর “01711 000000” একই নম্বর হিসেবেই ধরা পড়ে। এই মেলানোটা আপনার ফোনেই হয়, তাই নেট ছাড়াও কাজ করে।
একজন মানুষের দুটো খাতা হয়ে গেলে বাকির অঙ্ক দুই ভাগ হয়ে যায় — এই সতর্কবার্তাটা তাই কাজে দেয়।
একজনের একাধিক ফোন নম্বর
যোগ করার ঘরে নম্বরের জায়গা একটাই। বাড়তি নম্বর পরে যোগ করতে হয়:
- মানুষটির খাতা খুলুন।
- উপরে তাঁর নামের উপর চাপ দিন, অথবা ডানদিকের ⋮ থেকে “ফোন নম্বর” বেছে নিন।
- “নম্বর যোগ করুন” চাপুন। এখান থেকেই “নম্বর বদলান” আর “নম্বর মুছুন”-ও করা যায়।
একাধিক নম্বর থাকলে নামের নিচে প্রথম নম্বরটা দেখায় আর পাশে লেখা থাকে “+১ আরও” ধরনের চিহ্ন। মনে রাখবেন, কল করা, হোয়াটসঅ্যাপে তাগাদা পাঠানো আর PDF-এ যে নম্বরটা বসে — সবখানে প্রথম নম্বরটাই ব্যবহার হয়। তাই যেটায় সাধারণত ফোন করেন সেটাই আগে রাখুন।
নম্বরের উপর চাপ দিলে “কল করুন” আর “নম্বর কপি করুন” সুযোগ আসে।
পরে খুঁজে বের করা
তালিকা বড় হয়ে গেলে হোমের 🔍 চিহ্নে চাপ দিন। খোঁজার ঘরে লেখা থাকে “নাম, ফোন নম্বর বা নোট দিয়ে খুঁজুন” — অর্থাৎ নাম মনে না থাকলে নম্বর দিয়েও পাওয়া যায়।
খোঁজাটা বেশ সহনশীল:
- বাংলা আর ইংরেজি সংখ্যা এক — “০১৭” লিখলে “017” মেলে।
- ড়/ঢ়/য় আর ো/ৌ-এর মতো অক্ষর আলাদা কিবোর্ডে আলাদাভাবে লেখা হলেও মিলে যায়।
- একসাথে নাম আর নম্বর লিখলে দুটোই মেলাতে হবে — “করিম ০১৭” লিখলে অনেক করিমের ভিড় থেকে ঠিক জনটাই আসে।
ঘরটা খালি থাকলে উপরে “সাম্প্রতিক” তালিকায় শেষ যাদের সাথে লেনদেন হয়েছে তাঁরা দেখায় — রোজকার চেনা মুখগুলো ওখানেই পাবেন।
হোমের তালিকায় উপরে “সব” / “কাস্টমার” / “পাইকার” ভাগ আছে। “সব”-এ চাপ দিলে ছাঁকনি আর সাজানোর ঘর খোলে — সেখান থেকে “সবচেয়ে বেশি পাওনা”, “সাম্প্রতিক কার্যক্রম” বা “ক → ঝ” অনুসারে সাজানো যায়।
নাম বদলানো
খাতা খুলে ⋮ → “নাম পরিবর্তন” → নতুন নাম লিখে সেভ করুন। পুরোনো লেনদেনগুলোতেও নতুন নামটাই দেখাবে।
অন্য কারও নাম হুবহু এক হলে অ্যাপ আটকে দিয়ে বলবে “এই নামে আরেকজন আগে থেকেই আছে” — কারণ নাম দিয়েই খাতা আলাদা করা হয়। তখন নামের সাথে ছোট একটা পরিচয় জুড়ে দিন, যেমন এলাকার নাম।
কাউকে তালিকা থেকে সরানো
⋮ → “ডিলিট করুন”। তিনটে ধাপ পেরোতে হয়:
- বাকি থাকলে মুছতে দেবে না। বার্তা আসবে “ডিলিট করা যাবে না” — আগে হিসাব সমান করতে হবে।
- ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা পিন দিয়ে পরিচয় নিশ্চিত করতে হবে।
- শেষে নিশ্চিত করার প্রশ্ন — “ডিলিট করবেন?”
মুছে ফেললে মানুষটি তালিকা থেকে সরে যায় আর নতুন লেনদেনে তাঁকে বাছাই করা যায় না, তবে আগের লেনদেনগুলো নামসহ ইতিহাসে থেকে যায় — দিনের বা মাসের হিসাব এতে বদলায় না।
এরপর কী
খাতা তৈরি হয়ে গেলে এবার হিসাব লেখার পালা — বাকিতে বিক্রির হিসাব আর টাকা আদায়ের হিসাব দেখুন। সব প্রশ্নের ছোট উত্তর আছে সাধারণ প্রশ্ন পাতায়।
এই বিষয়ে আরও প্রশ্ন
কাস্টমার যোগ করতে কি ফোন নম্বর দিতেই হবে?
না। শুধু নাম দিলেই খাতা তৈরি হয়। ফোন নম্বরের ঘরে স্পষ্ট করে লেখাই আছে “ফোন নম্বর (ঐচ্ছিক)”। নম্বর দিলে পরে তাগাদার মেসেজ পাঠানো সহজ হয়।
একই নম্বর দুজনের খাতায় দেওয়া যাবে?
অ্যাপ আগে সতর্ক করবে — “এই নম্বর আগেই আছে” — আর জিজ্ঞেস করবে পুরোনো খাতাটাই খুলবেন নাকি নতুন করে যোগ করবেন। সত্যিই আলাদা দুজন হলে “তবুও নতুন যোগ করুন” বেছে নিতে পারেন।
একজনের দুটো ফোন নম্বর রাখা যায়?
যায়। খাতা খুলে নামের উপর চাপ দিয়ে বা ⋮ → “ফোন নম্বর” থেকে “নম্বর যোগ করুন” দিয়ে যত খুশি নম্বর রাখা যায়। কল আর মেসেজে প্রথম নম্বরটাই ব্যবহার হয়।
ভুল করে কাস্টমারকে পাইকার বানিয়ে ফেলেছি, কী করব?
যাঁর কোনো লেনদেন হয়নি তাঁকে মুছে দিয়ে ঠিক ভাগে আবার যোগ করে নিন। লেনদেন হয়ে থাকলে বাকি শূন্য না হওয়া পর্যন্ত মুছতে দেবে না — আগে হিসাব সমান করুন।
কাউকে মুছে ফেললে তার পুরোনো লেনদেন কি হারিয়ে যায়?
না। মানুষটি শুধু তালিকা থেকে সরে যান এবং নতুন লেনদেনে আর বাছাই করা যায় না, কিন্তু আগের লেনদেনগুলো নামসহ ইতিহাসে থেকে যায়।
কাস্টমার যোগ করতে ইন্টারনেট লাগে?
লাগে না। কাস্টমার-পাইকার যোগ করা, নম্বর মিলিয়ে দেখা — সবই ফোনেই হয়। নেট এলে নিজে থেকেই ক্লাউডে ব্যাকআপ হয়ে যায়।
আরও পড়ুন
- বাকিতে বিক্রির হিসাব লেখার নিয়মটংখাতায় বাকিতে বিক্রি লেখা, পাবো-দেবো কী বোঝায়, মোট বাকি কোথায় দেখবেন আর বাকির তাগাদা দেওয়ার নিয়ম — অ্যাপ
- টাকা আদায়ের হিসাব রাখার নিয়মকাস্টমার বাকির টাকা দিলে টংখাতায় কীভাবে লিখবেন, আংশিক পরিশোধ, বাকির চেয়ে বেশি টাকা দিলে কী হয় আর বাকি কত রই
- টংখাতা কীটংখাতা হলো দোকানের বাকি, আদায় আর নগদ হিসাব বাংলায় রাখার অ্যান্ড্রয়েড অ্যাপ। কী কী করা যায়, ফ্রিতে কতটুকু,
- সাধারণ প্রশ্ন ও উত্তরটংখাতা নিয়ে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর — অ্যাপটি কী, কীভাবে ব্যবহার করবেন, তথ্য কতটা নিরাপদ আর স
টংখাতা দিয়ে শুরু করুন
দোকানের বাকি-নগদ হিসাব, ক্যাশবক্স আর বাংলা রিপোর্ট — অ্যান্ড্রয়েড ফোনেই।